ভালোবাসার টানে চীনা যুবক বাংলাদেশে

ভালোবাসার টানে সুদূর চীন থেকে মুন্সীগঞ্জে এসে সাহারা আক্তার (২০) নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ইয়ং ডিলি (২৮)। রোববার (১ মার্চ) দিবাগত রাতে দুই পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।
রোববার সকাল ১১টার দিকে ইয়ং ডিলি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে সাহারার বাড়িতে পৌঁছান। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে তাদের পরিচয় হয়। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। দীর্ঘদিন অনলাইনে যোগাযোগের পর এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন তিনি।
বিদেশি যুবককে দেখতে রোববার সকালে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয়রা সাহারার বাড়িতে ভিড় করেন। পরে সন্ধ্যায় কাজী ডেকে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করা হয়।
সাহারার পরিবার জানায়, শুরুতে তারা কিছুটা দুশ্চিন্তায় থাকলেও দীর্ঘদিনের যোগাযোগ ও ভিডিও কলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আশ্বস্ত হন। ইয়ং ডিলি ইসলাম ধর্ম ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান পরিবারের সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য সরকার জুয়েল বলেন, বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় বেশ সাড়া পড়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ইয়ং ডিলি বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে থাকবেন। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবেন এই দম্পতি।



