আগামী এক বছর ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ থাকবেন ড. ইউনূস

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এ মর্যাদা দেওয়া হয়েছে।
বাংলাদেশে দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার নজির নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন প্রধান উপদেষ্টাকেও একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল। সে সময় ‘Special Security Force Ordinance, 1986’-এর আওতায় দায়িত্ব ছাড়ার পর সর্বোচ্চ তিন মাস পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকত।
তবে নতুন প্রজ্ঞাপনে ড. ইউনূসের ক্ষেত্রে সময়সীমা এক বছর নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় দীর্ঘ।
রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোঃ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।



