বাংলাদেশঅপরাধসরকার

পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকেই দায়ী করা হবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজনের কথাও জানান তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

মন্ত্রী নির্দেশ দেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে। পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং অটোপাসের সুযোগ আর দেওয়া হবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে সরে এসে প্রকৃত মূল্যায়নের ওপর জোর দেওয়ার কথাও জানান তিনি।

সভায় যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরীক্ষাকেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button