বাংলাদেশ

আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মানবিক বিবেচনায় ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি এই এয়ারলাইন।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার পথে রওনা দেবে।

পরদিন বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে। ফিরতি ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট দুটি পরিচালিত হবে। ঢাকা–দুবাই রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ কয়েকটি এয়ারলাইনকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে রয়েছে এমিরেটসএয়ার ইন্ডিয়া

যেসব প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা।

টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল নম্বর ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ যোগাযোগ করে তথ্য জানা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button