যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রয়োজনে সংশোধনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজন করা সম্ভব।
বুধবার (৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৮.৫ বিলিয়ন ডলার, যার মধ্যে আমদানি প্রায় ২.৭ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার।
মন্ত্রী বলেন, “চুক্তিতে উভয় পক্ষের স্বার্থ জড়িত থাকে। কিছু ধারা এক পক্ষের অনুকূলে, আবার কিছু অন্য পক্ষের জন্য সুবিধাজনক। আলোচনার মাধ্যমে ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করাই মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, চুক্তিতে এমন উপাদান রয়েছে যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে পারে।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, মার্কিন আদালতে জরুরি ক্ষমতার আওতায় আরোপিত শুল্ক সংক্রান্ত পরিস্থিতি এখনও বিকাশমান, এবং ভিসা বন্ড ইস্যুতে ব্যবসায়ীদের উদ্বেগ নিয়ে সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে। এছাড়া যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, যা নন-ট্যারিফ বাধা দূর হলে বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়নের সুযোগ বাড়াতে পারে।



