
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স এবং রাঙামাটি জেলাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করা হবে।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা পরিষদের এনেক্স হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী জানান, রাঙামাটি জেলাসহ তিন পার্বত্য জেলায় পর্যটন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, চট্টগ্রাম-রাঙামাটি সড়ক চার লেনে উন্নীতকরণ এবং খাল খননকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি পর্যটন খাতে বিদেশি পর্যটক আকর্ষণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরি এবং কর্ণফুলী পেপার মিলস ও টেক্সটাইল মিলস চালু করা হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
মন্ত্রী আরও বলেন, তিনি কাজের মাধ্যমে ফল দেখাবেন এবং উন্নয়ন বরাদ্দে কোনো ধরনের বৈষম্য হবে না। তিন পার্বত্য জেলার উন্নয়ন সমানভাবে এগিয়ে নেওয়া হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলা পরিষদ, পৌরসভা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পাবলিক হেলথসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সভায় পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. আল-আমিন, জেলা বিএনপির নেতা ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



