বাংলাদেশ

খালেদা জিয়া ও ডা. জাফরুল্লাহ্ চৌধুরীসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

চলতি বছরের স্বাধীনতা পুরস্কার–২০২৬ এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ মেজর মোহাম্মদ আব্দুল জলিল-কেও মরণোত্তরভাবে সম্মাননা দেওয়া হবে।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহরুল করিম, সাহিত্যে মরণোত্তর ড. আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে হানিফ সংকেত, সংস্কৃতিতে মরণোত্তর বশির আহমেদ এবং ক্রীড়ায় জোবেরা রহমান লীনু স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ডা. জাফরুল্লাহ্ চৌধুরী। একই ক্ষেত্রে মো. সাইদুল হক ও মরণোত্তর মাহেরীন চৌধুরীকেও নির্বাচিত করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসনে মরণোত্তর কাজী ফজলুর রহমান, গবেষণা ও প্রশিক্ষণ খাতে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) এ পুরস্কার পাচ্ছেন।

প্রতিষ্ঠান পর্যায়ে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, সমাজসেবা–জনসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং একই খাতে গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতিবছর এই সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button