ইরানের সর্বোচ্চ নেতার স্মরণে ঢাকায় শোক সভা অনুষ্ঠিত
ইরানের সর্বোচ্চ নেতার স্মরণে ঢাকায় শোক সভা অনুষ্ঠিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত বরণ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় এক শোক মজলিস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাহবারের দফতরের বাংলাদেশ প্রতিনিধি অফিস, আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দীন মাশায়েখী রাদ এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীরমোহাম্মাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সভাপতি ও খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ ইবরাহীম খলীল রাজাভী। বক্তারা এই শোকাবহ পরিস্থিতিতে মরহুম নেতার ত্যাগ ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।
স্মরণ সভায় বক্তারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং বিশ্ব ব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা বলে অভিহিত করেন। তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বর্বর হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর চরম আঘাত, যা মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে নিরপরাধ শিশুসহ সাধারণ মানুষের ওপর এই হামলাকে তাদের সন্ত্রাসী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকাস্থ ইরান দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ইরানের এই কঠিন সময়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ যেভাবে রাজপথে বিক্ষোভ, সমাবেশ এবং দোয়া মাহফিলের মাধ্যমে সংহতি প্রকাশ করেছে, তার জন্য ধন্যবাদ জানানো হয়। বক্তারা সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় এবং অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।



