সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য অনুষ্ঠিত শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংসদে কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস ও হাউসের কনভেনশনসহ বিশ্বের শক্তিশালী গণতন্ত্রে যে নিয়মিত চর্চা হয়, সেগুলো নিয়েও আলোচনা করেছি। আশা করি ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখার পর জনগণ বলবে—এমন সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক সংস্কৃতি ছিল, সেগুলো আমরা মুছে দেব।”
তিনি আরও বলেন, “নতুন সংসদ সদস্যরা নতুনভাবে যাত্রা শুরু করবেন। তাদের মধ্যে যদি খারাপ সংস্কৃতি না থাকে, তাহলে তারা ভালো শিক্ষা পাবেন। ঠিক যেমন একটি শিশু জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, তেমনই নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করছি।”
প্রশিক্ষণের মূল লক্ষ্য নতুন সংসদ সদস্যদের দায়িত্ব ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে জ্ঞান দেওয়া এবং জনপ্রত্যাশা পূরণে সক্ষম করা।
দুদিনব্যাপী কর্মশালায় প্রথম দিনের অংশগ্রহণ করেছেন ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা। দ্বিতীয় দিনে অংশ নেবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা।
বিএনপি জানিয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদীয় রেওয়াজ, মন্ত্রণালয় পরিচালনা ও কৌশলগত দায়িত্ব পালনের বিষয়গুলো শেখানো হচ্ছে।



