
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাতিল হওয়া ফ্লাইটের কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাদের সহায়তা করবে মন্ত্রণালয়। প্রবাসীদের সহায়তার জন্য মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। প্রবাসীরা যদি মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে এবং যেকোনো সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ।
শনিবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতিতে নিহতদের তথ্য পাওয়া মাত্র সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দেশের দূতাবাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিক নজরে রাখছেন।
সিলেটে ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, যারা আইনশৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে, তাদের ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, তাই সিলেটে এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
হোলি উৎসবে একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহ সভাপতিত্ব করেন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।



