সহজ ভাষায় নবিজির জীবনী লিখতে চান আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি সহজ ভাষায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনী লিখতে আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (৭ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, কয়েক বছর আগে হজ পালনের পর তার ধর্মীয় জ্ঞান ও আগ্রহ অনেক বেড়ে যায়। সে সময় তিনি মহানবী (সা.)–এর জীবনী নিয়ে বেশ কিছু বই পড়েন। পড়াশোনার অভিজ্ঞতার পর তার মনে জন্ম নেয় সহজ ভাষায় একটি বই লিখার ইচ্ছা, যাতে মহানবী (সা.)–এর ধর্মীয় জীবনের পাশাপাশি ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা এবং মানবাধিকারের মতো বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য সাফল্য তুলে ধরা হবে।
ড. আসিফ নজরুল স্বীকার করেন, এটি একটি বড় ও কঠিন কাজ। এর আগে তিনি সাহস করে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন, তবে দেশে সরকার পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনের বড় পরিবর্তনের কারণে লেখালেখি সাময়িকভাবে থেমে যায়।
বর্তমানে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এবং আল্লাহর রহমতে আবার সেই আগের ইচ্ছা জাগ্রত হয়েছে। ইনশাআল্লাহ, তিনি শীঘ্রই এই কাজ শুরু করবেন। পোস্টের শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।



