বাংলাদেশঅপরাধ

নাটোরে মাটির নিচে লুকানো ছিল ১০ হাজার লিটার জ্বালানি তেল

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে লুকিয়ে রাখা একটি পানির ট্যাংক থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে তেল মজুদ করার অভিযোগে মো. রুবেল (৩৪) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে সিংড়া থানা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। অভিযুক্ত রুবেল ভাটোপাড়া মহল্লার মো. বেল্লাল হোসেনের ছেলে এবং থানা মোড় এলাকার ‘সততা ট্রেডার্স’ নামের একটি জ্বালানি তেলের দোকানের মালিক।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের নিচে মাটির ভেতরে লুকিয়ে রাখা পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুদ করার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে।

অভিযান শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button