
হঠাৎ করেই রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রোববার (৮ মার্চ) সকালে তারা হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা তাদের নজরে আসে।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান মন্ত্রী।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এখানে যারা সরকারের কাছে দায়বদ্ধ, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।
পরিদর্শনে উপস্থিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে নেতৃত্ব সংকট ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে।
তবে এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী এই হাসপাতালকে অন্য হাসপাতালের তুলনায় আরও মানবিক ও সেবামুখী হতে হবে।



