খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘অদম্য নারী’ মরণোত্তর পুরস্কার পেয়েছেন।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি, ব্যারিস্টার জাইমা রহমান।
পুরস্কারপ্রাপ্ত অন্যান্য নারী হলেন:
- অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: নুরুন নাহার আক্তার
- শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোছা. ববিতা খাতুন
- সফল জননী নারী: নুরবানু কবীর
- নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী: মোছা. শমলা বেগম
- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: মোছা. আফরোজা ইয়াসমিন
প্রতিটি নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি করতে সহায়ক হিসেবে বিবেচিত। এছাড়া এই ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



