
নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা জানান। পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির বলেন, তারা এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে। পাশাপাশি কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও শক্তভাবে দাঁড়াতে হবে। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি।
ডা. শফিকুর রহমান বলেন, নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী সম্মান ও সহযোগিতা পাওয়ার অধিকারী—এটিই মহান আল্লাহ তাআলার বিধান।
সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত এবং সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক নারী দিবসে সব নারীকে শুভেচ্ছা জানান।



