হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার, বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার, বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের জালে ধরা পড়লেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। শনিবার দিবাগত রাতে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
রোববার এসটিএফের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাংলাদেশে গুরুতর অপরাধ করে দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং তারা সীমান্ত এলাকায় আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতেই শনিবার মধ্যরাতে বনগাঁর একটি এলাকায় অভিযান চালিয়ে পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার আলমগীর হোসেনকে (৩৪) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানতে পেরেছে, হাদিকে হত্যার পর আইনি ব্যবস্থা থেকে বাঁচতে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন স্থানে পরিচয় লুকিয়ে ঘুরে বেড়ানোর পর তারা বনগাঁয় আশ্রয় নেয়। সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
গ্রেপ্তারের পর আজ রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষ করে তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



