আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কয়েক শত শ্রমিক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন। ঈদের আগেই সব পাওনা পরিশোধের দাবি জানিয়ে তারা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া এলাকায় ইউফোরিয়া অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে কোনো পূর্বঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ করে মালিকপক্ষ নোটিশ টাঙিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আন্দোলনের প্রস্তুতি নিলে শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিক ও শ্রমিকদের মধ্যে একটি সমঝোতা হয়। সেই চুক্তি অনুযায়ী শ্রম আইন অনুসারে তিন মাস ১৩ দিনের বেতনসহ অন্যান্য পাওনা তিন মাসের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শ্রমিকরা এখনো তাদের পাওনা বুঝে পাননি।
শ্রমিকদের অভিযোগ, পাওনা আদায়ের জন্য তারা মালিকপক্ষ ও শিল্প পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না।
তারা আরও জানান, সামনে ঈদ হওয়ায় তিন মাসের বাসা ভাড়া ও দোকানের বাকি থাকায় তারা নানা ধরনের সমস্যার মুখে পড়ছেন। অনেকের সন্তানের পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই ঈদের আগেই তাদের পাওনা পরিশোধে সরকার, প্রশাসন ও বিজিএমইএ-র হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে, তবে এখনো তা পরিশোধ করা সম্ভব হয়নি। বর্তমানে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এর আগে শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে বৈঠক করে চুক্তি করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।



