রাজনীতিঅন্যান্য

মধ্যরাতে ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবিদ্বার উপজেলার সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নিয়মিত জনগণের সামনে তুলে ধরা হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপর প্রায় তিন সপ্তাহ ধরে তিনি এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন সরকারি সেবার বিষয়ে ধারণা নেওয়ার কাজ করছেন।

তিনি জানান, দেবিদ্বারে বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতায় একাধিক সড়ক উন্নয়নকাজ চলছে। এসব কাজ পরিচালনা করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর (পিআইও)। তার মতে, দেবিদ্বারের সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাঘাটের দুরবস্থা। তাই পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের খারাপ সড়কগুলো সংস্কার করা হবে এবং বর্ষার আগেই বেশ কয়েকটি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে তিনি বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকেও বিরত থাকতে হবে।

আসন্ন ঈদ উপলক্ষে দেবিদ্বার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণের তথ্যও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব কার্ড বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে খাদ্যশস্য বরাদ্দ দিয়ে ১০টি অবকাঠামো উন্নয়নকাজ বাস্তবায়নের কথাও জানান তিনি। পাশাপাশি দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

৪১ মিনিট ৪৪ সেকেন্ডের লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহি’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এতে বরাদ্দ, প্রকল্পের অগ্রগতি এবং সরকারি সহায়তার তথ্য জনগণ সহজেই জানতে পারবে। তিনি স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে তাদের সতর্কবার্তা দেন।

তিনি আরও জানান, বিদেশ থেকে দেবিদ্বারে ৩৯ কার্টন খেজুর এসেছে। প্রতি কার্টনে ৮ কেজি করে মোট ৩১২ কেজি খেজুর এসেছে, যা উপজেলার ১৫টি ইউনিয়নের মাদ্রাসাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।

এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্য থেকে উট ও দুম্বার মাংস আনার কথাও জানান তিনি। এসব মাংসও স্বচ্ছ প্রক্রিয়ায় বিতরণ করা হবে বলে আশ্বাস দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button