
সাভারে এক নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীসহ আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত খান সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লার বাসিন্দা। তিনি সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। আহত অন্যরা হলেন—ভুক্তভোগী নারী ও তার বাবা।
ভুক্তভোগী নারী জানান, তিনি একটি বোতল কারখানায় কাজ করেন। কাজ শেষে বাসায় ফেরার পথে ব্যাংক টাউনের পাগলার মোড় এলাকায় কয়েকজন যুবক তাকে উত্যক্ত করে। পরে তিনি বিষয়টি শাহাদাত খানকে জানান। তখন শাহাদাত খান ওই যুবকদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। এরপর তারা বাসার দিকে রওনা দিলে পথে আয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় শাহাদাত খানকে মারধর করা হয় এবং মাথায় ছুরিকাঘাত করা হয়। হামলায় তিনি ও তার বাবা আহত হন।
শাহাদাত খান বলেন, একটি মেয়েকে কয়েকজন উত্যক্ত করছিল। সেই ঘটনার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে এবং মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
অভিযুক্ত আয়ুব খান দাবি করেন, তিনি শুনেছেন তার ছেলেকে কয়েকজন মারধর করছে। এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



