
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে অকটেন ও পেট্রোল বিক্রি কমানোর নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বিজ্ঞপ্তিতে বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রি ২৫ শতাংশ কমানোর আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এখন তা ১৫ শতাংশ কমানো হবে। অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে নির্ধারিত বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
এছাড়া কমানো বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



