বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান কে দিয়েছে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী সংসদে সদস্যদের আচরণ, কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার এখনো নেই, প্রথম অধিবেশন খালি চেয়ার দিয়ে শুরু হবে এবং সংসদ নেতা জ্যেষ্ঠ কোনো নেতাকে সভার সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করবেন।

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছিল; তবে এখনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকাল সংসদে আইনমন্ত্রী উত্থাপন করবেন। এই অধ্যাদেশগুলোর যাচাই-বাছাইয়ের জন্য সব দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা সিদ্ধান্ত নেবে কোন অধ্যাদেশ বহাল থাকবে আর কোনগুলো বাতিল হবে।

প্রথম দিনের অধিবেশনে কার্য উপদেষ্টা, প্রিভিলেজ কমিটি এবং হাউস কমিটি গঠন করা হবে। রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন মুলতবি হবে। ডেপুটি স্পিকার নির্বাচনের পর পাঁচ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হবে। এরপর শোকপ্রস্তাব উপস্থাপন করা হবে, যা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং জুলাই যোদ্ধা ও দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিদের স্মরণে হবে।

চিফ হুইপ বলেন, জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি জনগণের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তারা আশা করছেন, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও ঐকমত্যের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহের সমাধান সম্ভব হবে। এছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য দূর করা এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করার মধ্য দিয়ে সংসদ কার্যকর ও দায়িত্বশীলভাবে পরিচালিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button