বাংলাদেশ

‘সরকারকে বিব্রত করার জন্য জ্বালানি তেলের সংকট তৈরি করা হচ্ছে’

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন অভিযোগ করেছে, নতুন সরকারকে বিব্রত করার জন্য জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, গুজবের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে অতিরিক্ত তেল ক্রয় শুরু হয়। তবে মূল সংকটের কারণ হলো বিপিসি কর্তৃক কঠোর বিপণন নীতিমালা, যা পেট্রোল পাম্প ও বিপণন কোম্পানিগুলোর দৈনিক সরবরাহ সীমা নির্ধারণ করে। এতে তেলের বাস্তব সরবরাহ কমে গেছে এবং বাজারে দীর্ঘ লাইন, বিশৃঙ্খলা ও পাম্পকর্মীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, মার্চ থেকে জুন মাসের গড় উত্তোলন হিসাব করে ২৫ শতাংশের কম সরবরাহ নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাস্তবে সপ্তাহে সর্বাধিক ৫ দিন এবং মাসে ২০-২২ দিন তেল উত্তোলন হওয়ায় এই নিয়ম কার্যকরভাবে ৪৫ শতাংশ পর্যন্ত সরবরাহ কমিয়ে দিয়েছে।

সংগঠন দাবি করেছে, ডিপোভিত্তিক দৈনিক কোটা শিথিল করে অন্তত সাপ্তাহিক কোটা পদ্ধতি চালু করতে হবে, যাতে চাহিদার ওঠানামা অনুযায়ী সরবরাহ সমন্বয় করা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট কনভেনার মিজানুর রহমান রতন, আবু হিরণ ও সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button