বাংলাদেশ

খামেনির মৃ/ত্যু/তে সংসদে শোকপ্রস্তাব

বাংলাদেশের জাতীয় সংসদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, খামেনির মৃত্যুতে বিশ্ব একজন মহান নেতা, বিচক্ষণ ব্যক্তিত্ব ও প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারিয়েছে। সংসদ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়েছে, আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাৎ বরণ করেন। তার মৃত্যুতে ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবে খামেনির শিক্ষাজীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডও তুলে ধরা হয়েছে। তিনি মাশহাদের ইসলামী বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে নাজাফ ও কোমের উচ্চতর শিক্ষা কেন্দ্রে ধর্মতাত্ত্বিক পড়াশোনা করেন। সেখানে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সান্নিধ্যে আসেন এবং শাহ শাসনের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে কয়েকবার কারাবরণ করেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর খামেনি ইরানের রাষ্ট্রীয় কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন এবং ইরান-ইরাক যুদ্ধে ইসলামী বিপ্লবী বাহিনী (আইআরজিসি) তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, শোকপ্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরানের প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের কাছে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button