বাংলাদেশ

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক।

রাষ্ট্রপতি বলেন, ওই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত বা পঙ্গু হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার ১,২৪৩টি স্বাস্থ্য কার্ড দিয়েছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণের কাজ চলছে।

রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি তারেক রহমান–এর নেতৃত্বে নির্বাচনে জনগণের অংশগ্রহণকে গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানও স্মরণ করেন।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে এবং ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

এছাড়া ব্যাংক খাতে সুশাসন ফেরাতে ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন এবং পুঁজিবাজারের অনিয়ম তদন্তে পৃথক কমিশন গঠনের কথাও ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button