মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আহত ২
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডের একটি নির্মাণ প্রকল্পের স্টাফ কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর স্টাফ কোয়ার্টারে আগুন ধরে যায়। এতে ভেতরে আটকা পড়েন সাতজন বাংলাদেশি নির্মাণ শ্রমিক। পরে স্থানীয়রা তাদের গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে কাছাকাছি একটি ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।
এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক— জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর স্টাফ কোয়ার্টারটি আগুনে পুড়ে যায়।
এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। মর্মান্তিক এই ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি



