বাংলাদেশসরকার

‘বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী হলে যেকোনো ধরনের জ্বালানি ঝুঁকি সহজেই মোকাবিলা করা সম্ভব হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর-এ শ্রীকাইল গ্যাসক্ষেত্র-এর ৫ নম্বর কূপ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভরতা থেকে বের করে এনে নিজস্ব সম্পদ ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তার মতে, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে এবং সেই চাহিদা নিজস্ব গ্যাসক্ষেত্র থেকেই পূরণ করার সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে জ্বালানি খাতে দুর্নীতি ও অতিরিক্ত আমদানিনির্ভরতার কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, আগের সরকার রাষ্ট্রীয় গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্স-কে কার্যত দুর্বল করে রেখেছিল, যার প্রভাব এখনো অনুভূত হচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যেই প্রায় ৮২ মিলিয়ন ঘনফুট বা তারও বেশি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে সংস্থাটিকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, শ্রীকাইল গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মাধ্যমে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস যুক্ত হবে। এতে করে এই গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন মোট প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button