বাংলাদেশ

২ হাজার কেজির মৃত তিমি ৮ দিন ধরে পড়ে আছে সৈকতে

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া-র দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলী পাড়া সৈকতে একটি বিশাল মৃত তিমি টানা আট দিন ধরে পড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে সৈকতে পড়ে থাকায় তিমিটির দেহে পচন ধরেছে এবং চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের মতে, প্রায় এক সপ্তাহ আগে জোয়ারের তোড়ে আনুমানিক দুই টন ওজনের মৃত তিমিটি সৈকতে ভেসে আসে। পরে ভাটার সময় এটি বালুচরে আটকে যায়। দীর্ঘ সময় খোলা জায়গায় পড়ে থাকায় তিমিটির শরীর পচে গিয়ে পচা রক্ত ও পুঁজ সমুদ্রের পানিতে মিশছে, যা উপকূলীয় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সৈকতে ফিশিং বোট নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিক জয়নাল আবেদীন ও মোহাম্মদ খলিল জানান, দুর্গন্ধের কারণে সেখানে কাজ করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বেড়িবাঁধের পাশের দোকানি রুহুল আমিন বলেন, স্থানীয় চেয়ারম্যান কয়েক দিন আগে বালি দিয়ে তিমিটি ঢাকার চেষ্টা করলেও জোয়ারের ঢেউয়ে সেই বালি ধুয়ে যায়।

পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-এর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তার মতে, দ্রুত তিমিটি অপসারণ বা বৈজ্ঞানিকভাবে মাটির নিচে পুঁতে না ফেললে আশপাশে পানিবাহিত ও বায়ুবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ জানান, তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্রেন ও গাড়ি এনে বালি দিয়ে তিমিটি ঢাকার চেষ্টা করেছিলেন। কিন্তু আকারে বিশাল হওয়া এবং জোয়ারের পানির চাপে তা কার্যকর হয়নি।

তিনি আরও জানান, কুতুবদিয়া উপজেলার প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো সমাধান হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button