শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন, মজুত ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস

কুমিল্লার মুরাদনগরে অবস্থিত শ্রীকাইল গ্যাসক্ষেত্র-এর ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে মুরাদনগরের শ্রীকাইল মখলিসপুর এলাকায় কূপটি উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের মোট ৫টি কূপ থেকে প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অতীতে আমদানিনির্ভর জ্বালানি নীতির কারণে দেশের জ্বালানি খাত ঝুঁকির মধ্যে পড়েছে। তাই সরকার এখন নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, “আগামী পাঁচ বছর পর দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে চার হাজার ঘনফুটে পৌঁছাবে। আমরা সেই চাহিদা নিজস্ব গ্যাসক্ষেত্র থেকেই পূরণের সক্ষমতা অর্জন করতে চাই।”
এ সময় তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্স-এর সক্ষমতা বাড়িয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলা-এর চেয়ারম্যান মো. এরফানুল হক, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কূপ-৫ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর এই কূপে খনন কাজ শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে তা শেষ হয়। এই কূপে আনুমানিক ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



