বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

প্রধানমন্ত্রী কথার চেয়ে কর্মে বিশ্বাসী: ভূমি প্রতিমন্ত্রী

নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি জাকাত ফান্ড থেকে গরিব ও দুস্থদের আর্থিক সহায়তা (চেক) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জাতির সামনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই সেগুলোর কার্যক্রম শুরু করেছেন, যা তার মতে বাংলাদেশ তো নয়ই, বিশ্বেও বিরল ঘটনা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী।

জাকাত প্রসঙ্গে তিনি বলেন, মুসলমানদের জন্য জাকাত ফরজ এবং এটি দান নয়, বরং প্রাপ্য ব্যক্তির অধিকার। যারা জাকাত গ্রহণ করেন, তারা মূলত সমাজে সম্পদের সুষম বণ্টনে সহায়তা করেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প দেশের ১৩–১৪টি অঞ্চলে চালু করা হয়েছে। পাশাপাশি খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে ১৬ মার্চ উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, প্রান্তিক কৃষকদের ১২ হাজার কোটি টাকার বেশি সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে, যা কৃষি খাতে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানা-র ওসি মো. জাহিদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button