আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না: প্রতিরক্ষামন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান উত্তেজনায় সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সের সামরিক অবস্থান সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং যুদ্ধে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের বিমানবাহী রণতরী গ্রুপ বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর এলাকায় অবস্থান করছে। সেখানে থেকে প্রতিরক্ষামূলক প্রস্তুতি বজায় রাখা হলেও যুদ্ধের অংশ হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-তে ফ্রান্স ১০টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে—এমন খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে প্যারিস।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা চেয়েছিলেন। তবে ফ্রান্স এ আহ্বানে সাড়া দেয়নি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই মুহূর্তে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর প্রশ্নই আসে না। ফ্রান্স এই যুদ্ধে অংশগ্রহণ করছে না।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক কী লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছে, সেটি এখনো পরিষ্কার নয়। এমনকি ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য একই কি না, তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ-এর অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে ভৌথাঁ বলেন, ফ্রান্স এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথেই সমস্যার সমাধান চায়।

সূত্র: আল জাজিরা, ফ্রান্স ২৪।

সংশ্লিষ্ট খবর

Back to top button