সময় মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে ঈদে ঘরমুখী মানুষ

অনলাইনে টিকিট পাওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকলেও এবারের ঈদযাত্রায় রেলপথে বড় কোনো ভোগান্তি ছাড়াই মানুষ ঘরমুখো হচ্ছেন। একইসঙ্গে ট্রেন সময়মতো ছাড়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে।
সোমবার (১৬ মার্চ) সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। তবে স্টেশনে প্রবেশের সময় কঠোর শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে; প্রত্যেকের টিকিট যাচাই করে তবেই প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশেষ কারণ ছাড়া টিকিটবিহীন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
উপবন এক্সপ্রেসের টিকিট কেটে ব্রাহ্মণবাড়িয়া ফিরছেন বেসরকারি চাকুরিজীবী রিয়াসাত। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, অনলাইনে টিকিট কাটা এবারের ঈদযাত্রা বেশ আরামদায়ক করেছে। স্টেশনেও তেমন বিশৃঙ্খলা বা ভিড় নেই, তাই ভোগান্তি ছাড়াই যাত্রা শুরু করতে পারছি।
শায়েস্তাগঞ্জের যাত্রী আবির হক বলেন, অনলাইনে টিকিট কাটায় কোনো ভোগান্তি হয়নি। এবারের ঈদযাত্রা তার কাছে ভালোই মনে হচ্ছে।
সিলেটগামী যাত্রী মো. কাউসার জানান, অনলাইনে টিকিট কেটে কিছুটা বেগ পেতে হয়েছে। তিনি এসি কোচের টিকিট চাইলেও পাননি, পরে শোভন চেয়ারের টিকিট পেয়েছেন। তবে সার্বিকভাবে এবারের যাত্রা ভোগান্তিহীন হয়েছে।
বাইরে যারা স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন না, তারা প্ল্যাটফর্মের ভেতরে এসে জরিমানা দিয়ে টিকিট কিনতে পারছেন। তবে কর্মকর্তারা আগেভাগেই যাত্রীদের স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে উৎসাহিত করছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত ২০ জোড়া ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এর মধ্যে ‘নীলসাগর এক্সপ্রেস’ আধা ঘণ্টা বিলম্বে ছাড়লেও বাকি সব ট্রেন সময়মতো ছেড়ে গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, নেওয়া পদক্ষেপগুলোর ফলে যাত্রীরা ভোগান্তিহীন ঈদযাত্রা উপভোগ করতে পারবেন।



