ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের জন্য ফ্রি কুলি (পোর্টার) সেবা চালু করা হয়েছে। টার্মিনালে প্রবেশের পর থেকে লঞ্চ পর্যন্ত যাত্রীদের মালামাল ট্রলির মাধ্যমে বিনামূল্যে বহন করে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ট্রলি ও হুইলচেয়ার সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সরেজমিনে দেখা যায়, মন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই যাত্রীরা ফ্রি ট্রলি সেবা পেতে শুরু করেন। টার্মিনালের প্রবেশপথ থেকে ভারী মালামাল বহনকারী যাত্রীদের জন্য স্বেচ্ছাসেবকদের ট্রলি নিয়ে সহায়তা করতে দেখা যায়। এ নতুন ব্যবস্থায় যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার জানান, নতুন সরকারের উদ্যোগে যাত্রীসেবা উন্নত করতে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরে পাঁচ দিন—মোট ১০ দিন যাত্রীদের এই ফ্রি কুলি সেবা দেওয়া হবে। আগে যারা কুলি হিসেবে কাজ করতেন, তাদেরই বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে রাখা হয়েছে, যাতে যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন।
স্বেচ্ছাসেবকদের পারিশ্রমিক প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের লেবার হ্যান্ডেলিং ইজারাদার দায়িত্ব পালন করবেন।
এদিকে ইজারাদার ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভূইয়া জানান, যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। তাদের মজুরি তিনি ব্যক্তিগতভাবে দেবেন বলেও জানান। পাশাপাশি ভবিষ্যতে এ সেবার জন্য সরকারি বরাদ্দ পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।



