আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির সংবাদটি জেলা পুলিশ “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে জানিয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার মো. আবু রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসভবনের ভেতরে কোনো অনুপ্রবেশ বা চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়া কিছু সংবাদমাধ্যম এই তথ্য প্রচার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৭ মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে বলা হয়েছিল যে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু প্রকৃতপক্ষে, আইজিপির বাসভবনে কোনো চুরি হয়নি। ঘটনার সঠিক বিবরণ অনুযায়ী, ১৬ মার্চ রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাসার বাইরের ওয়ালের কাছে থাকা সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
বাগেরহাট থানা-পুলিশ ১৭ মার্চ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮)।
জেলা পুলিশ সাধারণ জনগণকে আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।



