বাংলাদেশঅপরাধ

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে বসতঘরে আ/গু/ন দিলেন ছেলে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে একটি মর্মান্তিক ঘটনায় বিধবা মাকে ঘর থেকে বের করে বসতঘরে আগুন দিয়েছে তার মাদকাসক্ত ছেলে। এই ঘটনা বুধবার (১৮ মার্চ) ভোরে ঘটে। মুহূর্তের মধ্যেই বিধবা মায়ের বসতঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। ঘটনার রাতে সে তার মা হেনয়ারা বেগমের কাছে মাদকসেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারায় শহিদুল ভোরে মা হেনারাকে ঘর থেকে বের করে বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগেই ঘরটি পুরোপুরি পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জানান, শহিদুল প্রায়ই মাদকের টাকার জন্য তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো এবং বিভিন্ন সময় ঘরবাড়ি ভাঙচুর করেছে। ঘটনার রাতে টাকা না পেয়ে মাকে ঘর থেকে বের করে আগুন দেয়।

মা হেনারা বেগম বলেন, “আমি একজন দুঃখিনী মা। আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ। ৬ মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটি মাদকাসক্ত। আমি এখন কিভাবে বাঁচব।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button