বাংলাদেশ

র‌্যা‌বের ডি‌জি হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌লেন আহসান হাবীব পলাশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ দায়িত্বভার গ্রহণ করেছেন।

শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। তিনি সাবেক ডিজি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীবকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপি ছাড়াও রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি পিবিআই হেডকোয়ার্টারে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। সেবার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ লাভ করেন।

শিক্ষাজীবনে আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button