চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা পাবনা সফর। তাঁর সফর ঘিরে ইতিমধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী:
- ২৯ মার্চ রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে মা-বাবার কবর জিয়ারত। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাত যাপন।
- ৩০ মার্চ সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন। সন্ধ্যা ৭টায় পাবনা শহরে নিজ বাসভবনে যাওয়া। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত যাপন।
- ৩১ মার্চ বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা।



