ঝালকাঠিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ আত্মপ্রকাশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় শহীদ ওসমান হাদির স্মৃতি ও আদর্শকে সামনে রেখে নতুন সংগঠন ‘ওসমান হাদি মঞ্চ’-এর আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দিনটি ছিল ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের ১০০তম দিন, যা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রধান ভূমিকা পালন করেন। তার হাত ধরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ সময় পরিবারের সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ছাত্রনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ ওসমান হাদির আদর্শ, তার লড়াই এবং তথাকথিত আধিপত্যবাদবিরোধী ‘আজাদির আন্দোলন’কে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা ওসমান হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে মাসুমা হাদি একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, তার ভাইয়ের মৃত্যুর পর অনেকেই তার কণ্ঠস্বরকে খুঁজে পাচ্ছিলেন না। সেই শূন্যতা পূরণ করতেই এই সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তার আদর্শ ও সংগ্রামের বার্তা সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়। তিনি আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১০০ দিন পার হলেও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে এবং তদন্তে বিলম্বের বিষয়টি প্রশ্নবিদ্ধ।
তিনি সরকারের কাছে দাবি জানান, অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। অনুষ্ঠানের শেষে মিলাদ, দোয়া এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।



