ভারত থেকে ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুর ডিপোতে

ভারত থেকে ৭ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপো পৌঁছেছে। এর আগে মার্চ মাসে তিন ধাপে আমদানি করা ডিজেলের সঙ্গে মিলিয়ে, এ মাসে মোট ২২ হাজার টন ডিজেল বাংলাদেশে এসেছে।
পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেলের সরবরাহ শুরু হয়। ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে ১৪৬ ঘণ্টা সময় নিয়ে চালান মঙ্গলবার সকালে ডিপোতে পৌঁছায়।
তিনি আরও জানান, সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রাখছে। এর আগে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন, দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০ হাজার টন ডিজেল এসেছে। সব মিলিয়ে মার্চে তিন ধাপে ১৫ হাজার টন এবং সর্বশেষ ৭ হাজার টনসহ মোট ২২ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি করা হয়েছে।



