বাংলাদেশ

হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় দুই শিক্ষার্থী আহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বুধবার সকালে গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ক্লাস চলাকালায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল।

ঘটনার পর শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাধিক একাডেমিক ভবন দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। এর আগেও গণিত বিভাগের একটি শিক্ষক কক্ষে একই ধরনের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, অনেক শ্রেণিকক্ষ ব্যবহার অনুপযোগী হলেও বিকল্প না থাকায় সেখানে পাঠদান চালাতে হচ্ছে। নিরাপত্তার শঙ্কায় শিক্ষার্থীরা হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছেন। নাঈম নামের একজন শিক্ষার্থী বলেন, “কখন কার মাথায় পলেস্তারা পড়বে, তা বলা যায় না। তাই বাধ্য হয়েই হেলমেট ব্যবহার করছি।” আরেক শিক্ষার্থী নয়ন জানান, “কালকে আমার ছোট দুই ভাই আহত হয়েছে অথচ প্রশাসন এখনো পদক্ষেপ নেয়নি। এমন ঝুঁকিপূর্ণ ক্লাসরুমে বসে পরীক্ষা দিতে শঙ্কাবোধ হওয়ায় হেলমেট পরে এসেছি।”

ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র সমালোচনা করেছে। তারা অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে দীর্ঘদিন ধরেই অবহেলা করা হয়েছে এবং দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। বড় ধরনের কাজের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে। পলেস্তারার কারণে মূল ছাদের ফাটল আগে ধরা পড়েনি, কিন্তু এখন সেগুলো অপসারণ করা হচ্ছে। এছাড়া বিজ্ঞান ভবনের সংস্কারের নকশা ও ব্যয় হিসাবও প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button