বাংলাদেশ

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বুধবার রাত ৯টার দিকে নোয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে, যখন সিলেটগামী তেলবাহী ট্রেনটির ৬টি বগি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বগিতে থাকা বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের সড়ক, কৃষিজমি ও খালে ছড়িয়ে যায়।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত, অর্থাৎ প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে এবং দুর্ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে, যাতে ছড়িয়ে পড়া তেল কেউ লুট করতে না পারে।

দুর্ঘটনার পর উদ্ধার কাজে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এদিকে, ছড়িয়ে পড়া তেল সংগ্রহের সময় অভিযান চালিয়ে বিজিবি প্রায় ১ হাজার লিটার তেল জব্দ করেছে।

দীর্ঘ সময় ধরে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button