গ্রাম বাংলাদেশবাংলা

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

বাংলা টিভি ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত মিজানুর পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস এর প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় মো. মিজানুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় মিজানুর রহমানের কাঁধে গুলি লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান বলে জানা গেছে।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে বলে জানা গেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, স্থানীয় এক কৃষক ওই সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফ গুলি ছুঁড়লে তিনি আহত হন। এর প্রেক্ষিতে স্থানীয়রা এক ভারতীয়কে দুটি গরুসহ আটক করে নিয়ে আসে। আহত ব্যক্তি অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আটক ভারতীয় ব্যক্তি বিজিবির হেফাজতে রয়েছে বলে শুনেছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button