বাংলাদেশ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসন-এর সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমান একযোগে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়।

বগুড়া-৬ আসন বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম (বাদশা), জামায়াতের আবিদুর রহমান (সোহেল) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেজাউল করিম জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র, আর আবিদুর রহমান আগের নির্বাচনেও এখানে লড়েছিলেন।

অন্যদিকে, শেরপুর জেলার শেরপুর-৩ আসনে পূর্বে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত ছিল। এবার তার ছোট ভাই মাসুদুর রহমান প্রার্থী হয়েছেন। এখানে বিএনপির মাহমুদুল হক (রুবেল) এবং বাসদের মিজানুর রহমানও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সকালে শ্রীবরদী উপজেলার তাতিহাটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি শুরুতে কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই আসনে মোট ভোটার ৪ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ২ লাখ ৫ হাজার, নারী ভোটার প্রায় ২ লাখ ৮ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। পুরো এলাকায় ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button