
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাসেল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাসেল দীর্ঘদিন ধরে সেখানে পরিবারসহ বসবাস করতেন। ওইদিন তিনি তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চান। কিন্তু রেহেনা টাকা না দিয়ে কাজে চলে গেলে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে আগুন ধরিয়ে দেন। পরে বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।
আগুনের শিখা দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।



