বাংলাদেশ

চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই এক শিশুর মৃত্যু

ভোলা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই মারা গেছে সাড়ে ৩ বছরের শিশু আরিফা। এ ঘটনায় শোক ও ক্ষোভে ভারী হয়ে ওঠে যাত্রীবোঝাই লঞ্চের পরিবেশ।

বুধবার সন্ধ্যায় ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকার সদরঘাটগামী দোয়েল পাখি-১০ লঞ্চটি যখন মুন্সিগঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছায়, তখন লঞ্চের দ্বিতীয় তলায় শিশুটির মৃত্যু হয়।

জানা গেছে, আরিফা দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের বাসিন্দা আরিফ ও রোজিনা দম্পতির একমাত্র সন্তান। হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল।

শিশুটির মা জানান, চিকিৎসার আশায় রওনা দিলেও পথেই তার সন্তানের মৃত্যু হয়। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো লঞ্চে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর লঞ্চে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, লঞ্চটিতে অসুস্থ রোগীদের জন্য কোনো অক্সিজেন সরবরাহ বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না। তারা বলেন, এমন ব্যবস্থা থাকলে হয়তো শিশুটির জীবন বাঁচানো সম্ভব হতো।

যাত্রীরা ভোলা-ঢাকা নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে চিকিৎসক, অক্সিজেন এবং জরুরি চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button