
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহের কার্যক্রম এ বছরই শুরু হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।
মন্ত্রী জানান, প্রকল্প অনুযায়ী ২০২৬ সালের জুন থেকে শুরু করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এই ২০০টি ব্রডগেজ কোচ রেলওয়ের বহরে যুক্ত হবে। এসব কোচ হাতে পাওয়ার পর নতুন ট্রেন চালু এবং রুট নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বর্তমানে দেশে মোট ৩,৪২৮ দশমিক ০৯ কিলোমিটার রেলপথ রয়েছে বলে তিনি জানান। এর মধ্যে মিটারগেজ ১,৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১,০৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ ৭৭০ দশমিক ৬ কিলোমিটার। পাশাপাশি নতুন প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ ও ডুয়েলগেজ রেললাইন সম্প্রসারণের কাজও চলমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। নতুন কোচগুলো যুক্ত হলে এই রুটে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
এছাড়া ভবিষ্যতে যাত্রীসেবা উন্নয়ন ও রেলওয়ের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আরও ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।



