স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ৮০টি মামলা, ১০ বছরের আইনি লড়াই শেষে বিচ্ছেদ

ভারতের সর্বোচ্চ আদালত Supreme Court of India সম্প্রতি দীর্ঘ ১০ বছরের এক জটিল দাম্পত্য বিরোধের অবসান ঘটাতে বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সরাসরি বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়েছেন। আদালত এই দীর্ঘ আইনি লড়াইকে ‘মহাভারতের যুদ্ধ’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন, সম্পর্কটি কার্যত ভেঙে পড়েছে এবং তা টিকিয়ে রাখার আর কোনো বাস্তব ভিত্তি নেই।
আদালত সংবিধানের ১৪২ নম্বর ধারা ব্যবহার করে রায়ে বলেন, দুই পক্ষের মধ্যে চলমান সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা বাতিল করা হবে, যাতে বিরোধের স্থায়ী সমাধান আসে। একইসঙ্গে স্বামীকে এক বছরের মধ্যে স্ত্রীকে ৫ কোটি টাকা এককালীন খোরপোশ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১০ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৬ সাল থেকে তারা আলাদা বসবাস করছেন। স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী একজন আইনজীবী হয়েও আইনের অপব্যবহার করে তার ও পরিবারের বিরুদ্ধে ৮০টির বেশি মামলা করেছেন। আদালত পর্যবেক্ষণে স্বামীর আচরণকে প্রতিহিংসাপরায়ণ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি নিজের সম্পদ গোপন করে আর্থিক দায় এড়ানোর চেষ্টা করেছেন।
অন্যদিকে স্বামী দাবি করেন, স্ত্রীর মামলার কারণে তাকে জেলেও যেতে হয়েছে, যা তার সামাজিক মর্যাদায় আঘাত করেছে।
রায়ে আরও বলা হয়, স্ত্রী বর্তমানে দুই কন্যাসন্তানের দেখাশোনা করছেন এবং বড় সন্তান দশম শ্রেণিতে ওঠার পর তিনি নিজের ক্যারিয়ার ছেড়ে সন্তানদের পড়াশোনায় মনোযোগ দিতে চান। এই বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত বড় অঙ্কের আর্থিক সহায়তার নির্দেশ দেন। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, ৫ কোটি টাকা পাওয়ার দুই সপ্তাহের মধ্যে স্ত্রীকে সাবেক শ্বশুরের ফ্ল্যাট ছেড়ে দিতে হবে।
সন্তানদের অভিভাবকত্ব স্ত্রীর কাছেই থাকবে, তবে স্বামী নির্দিষ্ট নিয়মে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এছাড়া ভবিষ্যতে স্বামী যেন স্ত্রী বা তার পরিবারের বিরুদ্ধে আর কোনো মামলা করতে না পারেন, সে নির্দেশও দিয়েছে আদালত।



