বাংলাদেশঅপরাধআইন-বিচার

আবু সাঈদ হ/ত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করে। রায়ে দুই পুলিশ সদস্য—আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড, প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

তবে এই রায়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের পরিবার। তার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, যাদের নির্দেশে তার ছেলেকে হত্যা করা হয়েছে, তারা শাস্তির বাইরে রয়ে গেছে। তার মতে, প্রকৃত পরিকল্পনাকারী বা ‘হুকুমদাতারা’ বিচার থেকে বেঁচে গেছেন, আর পুরো দায় শুধু মাঠপর্যায়ের কয়েকজনের ওপর চাপানো হয়েছে।

পরিবারের অভিযোগ, মাত্র দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে মূল অপরাধীদের দায় এড়িয়ে যাওয়া হয়েছে। তারা মনে করেন, এ হত্যাকাণ্ডে জড়িত উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও কঠোর শাস্তির আওতায় আনা উচিত ছিল।

এ অবস্থায় পরিবার জানিয়েছে, রাষ্ট্রীয় সহায়তা পেলে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় এবং আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।

সংশ্লিষ্ট খবর

Back to top button