গ্রাম বাংলাদেশবাংলা

‘আমাকে বিয়ে না করলে এখান থেকে আমার লাশ যাবে’

বগুড়া প্রতিনিধি: প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে সানজিদা নামের এক স্কুল পড়ুয়া কিশোরীর পরিচয় হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালীকান্দা সরদারপাড়া গ্রামের তিন সন্তানের জনক করিম রহমান নামের এক ব্যক্তির সাথে। ফোনে কথপোকথন চলতে থাকলে একপর্যায়ে তাদের সম্পর্ক গাঢ় হয়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দেদারসে ফোনে তাদের মাঝে চলে প্রেমালাপ ও অন্তরঙ্গ ভিডিও কল। একপর্যায়ে ওই কিশোরির সাথে শারীরিক সম্পর্কে জড়ান করিম রহমান। এরপর থেকেই শুরু হয় সম্পর্কের এক নতুন সমীকরণ।

অভিযোগ উঠেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় ধরে প্রেমের অভিনয় চালিয়ে গেলেও শেষ পর্যন্ত প্রতারণার আশ্রয় নেন করিম রহমান। কিশোরী বিয়ের দাবি তুললে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং তাদের সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে জানা যায়। নিরুপায় হয়ে ওই স্কুলছাত্রী নিজের সামাজিক মর্যাদা ও অধিকার ফিরে পেতে অবশেষে করিমের বাড়িতে এসে আমরণ অনশন শুরু করে। কিশোরীর একটাই দাবি— করিম তাকে স্ত্রীর মর্যাদা না দিলে এই বাড়ি থেকেই তার লাশ বের হবে।

এদিকে, ওই স্কুলছাত্রী করিমের বাড়িতে অনশন শুরু করলে সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, করিমের পরিবারের সদস্যরা ও তার প্রথম স্ত্রী লাঠি হাতে ওই কিশোরীর ওপর চড়াও হন এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এমনকি কিছু স্থানীয় প্রভাবশালী ও পরিবারের লোকজন মিলে অনশনরত ওই কিশোরীর ওপর শারীরিক হামলা চালায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও ভুক্তভোগী কিশোরী বিয়ের দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছেন।

বর্তমানে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ওই স্কুলছাত্রী প্রশাসনের কাছে দ্রুত বিচার ও আইনি সুরক্ষার দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত করিম রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি, তিনি বর্তমানে পলাতক রয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন, যাতে ওই ভুক্তভোগী কিশোরী ন্যায়বিচার পায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button