বাংলাদেশঅপরাধআইন-বিচার

বগুড়ায় অবৈধ মজুদ ২,৫০০ লিটার ডিজেল জব্দ, কৃষকদের মাঝে বিক্রি

বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে মজুত করা প্রায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ করে তা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স বিমল ট্রেডার্সের মালিক শ্রী স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী মেসার্স বিমল ট্রেডার্সের সর্বোচ্চ ৫,০০০ লিটার ডিজেল মজুতের অনুমতি থাকলেও মালিক স্বপন চন্দ্র মন্ডল প্রায় ৯,০০০ লিটার তেল সংগ্রহ করেন। এর মধ্যে কিছু তেল বিক্রি করলেও অবশিষ্ট ২,৫০০ লিটার গোপনে মজুত রাখা হয়।

অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায় করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ করে কৃষকদের মাঝে বিক্রি করে দেয়।

স্থানীয় কৃষক আরব আলী বলেন, “তেলের অভাবে আমরা জমিতে সেচ দিতে পারছিলাম না। অথচ দোকানে তেল মজুত রেখে আমাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল। প্রশাসনের অভিযানে আমরা ন্যায্যমূল্যে তেল পেয়েছি।”

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইনের আওতায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।” তিনি আরও বলেন, “জব্দকৃত ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button