বাংলাদেশ

স্কুল ছুটি, টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

মেহেরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার কারণে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী টয়লেটে আটকে পড়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, ক্লাস শেষ হওয়ার পর বিকাল ৪টার দিকে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। সেই সময় সাদিয়া নামের ওই শিক্ষার্থী স্কুলের টয়লেটে গেলে দরজা বন্ধ হয়ে ভেতরে আটকে পড়ে।

ভেতরে আটকে পড়ার পর শিশুটি ভয় পেয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। তার কান্নার শব্দ বাইরে থেকে শুনে স্থানীয়রা ঘটনাটি বুঝতে পারেন এবং স্কুলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে শিশুটির বাবা মনিরুল ইসলামও সেখানে পৌঁছান।

প্রথমে বিদ্যালয়ের কলাপসিবল গেট ও দরজা বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে সমস্যা হয়। পরে স্থানীয়দের সহায়তায় এবং একজন শিক্ষিকার উপস্থিতিতে দরজা খোলা সম্ভব হলে শিশুটিকে কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয়।

ঘটনার সময় বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কেউ উপস্থিত না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিষয়টি জানার পর রাতেই মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।

তিনি জানান, শিশুটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, যা স্বস্তির বিষয়। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে এবং শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button